আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২২তম ইকরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৩।
এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন ইরানের শায়েখ কারি আহমাদ আবুল কাসেমী, মিশরের শায়েখ কারি মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের কারি শায়েখ আনোয়ারুল হাসান বুখারি এবং ফিলিপাইনের কারি নোমান পিমবায়াবায়া। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সুফী মো. মিজানুর রহমান। আরও থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ কারিদের অন্যতম শায়েখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারি।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা কারি মো. ইউসুফসহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারিদের হাত ধরে। কারি মো. ইউসুফ আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান কারি।