গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে দেশ বিদেশ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত শেষে শুরু হয় বাড়ি ফেরার পালা।
২০২৩ সালের ১৫ জানুয়ারি রোববার সকাল ১০টায় শুরু হয় আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিগণ যেভাবে সহজে ফিরতে পারবেন গন্তব্যে সে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফিরতে যানবাহন পার্কিংয়ের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।সাধারণ যানবাহনের পাশাপাশি ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসও চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমায় আগতরা বাড়ি ফেরার পথে সব ট্রেনের সার্ভিস নিতে পারবে।