চায়ের গল্প শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। দাদা-বাবা- চাচাদের পর চা–পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে এ শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন মায়িশা রহমান।
চট্টগ্রামে চা নিলামের ৭২ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে নিলাম পরিচালনার আসনে বসেছেন। তাঁর হাতে ধরেই বিক্রি হচ্ছে সিলেট, চট্টগ্রাম কিংবা উত্তরাঞ্চলের সমতলের চা। প্রতি সপ্তাহের নিলামে টেবিলে হাতুড়ি দিয়ে আঘাত করে বিক্রয় নিশ্চিত করে যাচ্ছেন তিনি।
চট্টগ্রামের পাশাপাশি ২০১৮ সাল থেকে সিলেটের শ্রীমঙ্গলে চায়ের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম ও শ্রীমঙ্গল—দুই নিলামকেন্দ্রেই মায়িশার হাতে উঠেছে নিলামের হাতুড়ি। মায়িশার জন্ম চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। তাঁর দাদা প্রয়াত মোখলেসুর রহমান ১৯৫৬ সালে শ্রীমঙ্গলে নন্দরানী চা–বাগানে ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। দাদার পর মায়িশার বাবা আহমেদুর রহমান ১৯৮১ সালে শিক্ষানবিশ টি টেস্টার হিসেবে চট্টগ্রামে প্রডিউস ব্রোকারস লিমিটেডে কাজ শুরু করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের পরিচালক মায়িশা। তাঁর চাচা শফিকুর রহমানও ন্যাশনাল টি কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ছোটবেলায় বাবা-চাচাকে দেখে চায়ের প্রতি ভালো লাগা শুরু হয় তাঁর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষে গত বছর মার্চে শিক্ষানবিশ ‘টি টেস্টার’ হিসেবে মায়িশা যোগ দেন প্রডিউস ব্রোকারস লিমিটেডে।