বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আনা মন্টেস কাজ করতেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে। সে সময় ২০ বছর ধরে তিনি কিউবার গোয়েন্দাদের হাতে নানা তথ্য তুলে দিয়েছিলেন। মার্কিন কর্মকর্তাদের ভাষায়, কিউবায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তৎপরতার বিষয়ে প্রায় সব তথ্যই ফাঁস করেছিলেন তিনি।যে গুপ্তচরেরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তাঁদের তালিকায় আনা মন্টেসকে রেখেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তাঁদের মধ্যে একজন মিশেল ভ্যান ক্লিয়েভ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে তিনি কাউন্টার ইন্টেলিজেন্স বা বিদেশি গুপ্তচরদের তৎপরতা ঠেকাতে কাজ করা সংস্থার প্রধান ছিলেন।২০১২ সালে মার্কিন কংগ্রেসে মিশেল ভ্যান ক্লিয়েভ বলেছিলেন, ‘আমরা কিউবা সম্পর্কে যা যা জানতাম এবং দেশটিতে আমদের যেসব গোয়েন্দা তৎপরতা ছিল, বলতে গেলে তার সবকিছুই মন্টেস কিউবার গোয়েন্দাদের কাছে ফাঁস করে দিয়েছিলেন। ফলে যা হয়েছিল, আমরা কী করছি তা কিউবা ভালোভাবেই জানত। আর সেগুলো নিজেদের সুবিধামতো ব্যবহার করতে পারত।’