সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি সাড়ে তিন কোটি দিরহাম বা ৯৮ কোটি ১৭ লাখ টাকা মূল্যের লটারি জিতে নিয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বিগ টিকিট নামের লটারির প্রথম র্যাফেল ড্রতে জয়ী হন তিনি।
মোহাম্মদ রায়ফুল আবুধাবির আল আইন এলাকার বাসিন্দা। সেখানকার একটি কোম্পানিতে পিকআপের চালক হিসেবে কাজ করেন তিনি। ২০ বন্ধু মিলে ভাগাভাগি করে লটারি কেনার টাকা দিয়েছিলেন। এখন সব বন্ধু মিলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন।রায়ফুল বলেন, আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আছি। বিশ্বাসই হচ্ছিল না যে জিতে গেছি। অত্যন্ত উত্তেজনা ও আনন্দ বোধ করছি। খালিজ টাইমসের পক্ষ থেকে রায়ফুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন। জবাবে রায়ফুল বলেন, তিনি ধারণাই করতে পারেননি পুরস্কার জিতবেন। এ কারণে এ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি।