তিন দফা ভোটাভুটির পরও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। বুধবার পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়। এতে করে রিপাবলিকান দলে সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কি না তা জানতে অপেক্ষার পালা বাড়ল।সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে গত নবেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান দল। সে হিসেবে দলটির প্রার্থী ম্যাকার্থিই স্পিকার হবেন বলে ধরে নেওয়া হচ্ছিল। তবে বাধ সাধে পরিষদে রিপাবলিকান সদস্যদের মধ্যে বিভক্তি।

স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ম্যাকার্থির কমপক্ষে ২১৮ ভোটের দরকার ছিল। মঙ্গলবার তৃতীয় দফা ভোটে তিনি পেয়েছেন ২০২ ভোট। অপর সদস্য জিম জর্ডান পেয়েছেন ২০ ভোট। ম্যাকার্থিকে ভোট না দিতেই জর্ডানকে স্পিকার প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তাঁকে ভোট দেওয়া ২০ রিপাবলিকান সদস্য।

২১৮ ভোটের লক্ষ্য অবশ্য পূরণ করতে পারেননি প্রতিনিধি পরিষদের অন্য কেউও। পরিষদে ডেমোক্র্যাট দলের হাকিম জেফরিস সর্বোচ্চ ২১২ ভোট নিয়ে এগিয়ে থাকলেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষ পর্যন্ত তিনি স্পিকার নির্বাচিত হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। এদিকে নির্বাচনের বিষয়ে জিম জর্ডান বলেছেন, বুধবার চতুর্থ দফা নির্বাচনে কেভিন ম্যাকার্থিকে সমর্থন দেওয়ার জন্য দলের সদস্যদের বলবেন তিনি, ম্যাকার্থিই যোগ্য ব্যক্তি। এভাবে নির্বাচন মুলতবি ঘোষণা যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুবই বিরল। সবশেষ প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন মুলতবির ঘটনা ঘটেছিল প্রায় ১০০ বছর আগে, ১৯২৩ সালে।