বেলারুশের গণমাধ্যম বেল্টা নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সূত্রে জানা যায়, বেলারুশে ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পর দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে গত ২৪ ঘণ্টায় দু–দুইবার বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন ও লুকাশেঙ্কোর মধ্যে গতকাল মঙ্গলবার বৈঠক হয়েছে সেন্ট পিটার্সবার্গের জাদুঘরে। তাঁরা একসঙ্গে সকালের নাশতা করেছেন। এর আগের দিন সন্ধ্যায় কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের অনানুষ্ঠানিক সম্মেলনে আলোচনায় বসেছিলেন দুই নেতা। বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। । পারমাণবিক বোমা ও ড্রোন বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার বা ৩০০ মাইল পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। মিনস্ক থেকে ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন এলাকায় আঘাত হানতে পারবে এসব ক্ষেপণাস্ত্র।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শুরু গত ২৪ ফেব্রুয়ারি। এরই মধ্য নানা সময়ে যুদ্ধবিরতির কথা বলা হলেও অস্ত্রের ঝনঝনানি কমছে না। যুদ্ধ ১০ পেরিয়ে ১১ মাসে পড়ার সময়ে বেলারুশে ইস্কানদার ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য জানাল রাশিয়া।