রয়টার্স সূত্রে জানা যায় , আফগানিস্তানে নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও বেসরকারি সাহায্য সংস্থায় কাজ করার ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দা জানায়। আফগানিস্তানে বিভিন্ন ক্ষেত্রে নারী ও মেয়েদের পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। ঐকমত্যের ভিত্তিতে দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, আফগানিস্তানে হাইস্কুলে, বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের পড়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষয়ের প্রতিনিধিত্ব করে।