‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ হলো নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা । এই বছর সেই পদকে ভূষিত হয়েছেন জাতীয় নারী ফুটবল দল এবং দেশের চার বিশিষ্ট নারী । তাদেরকে এ পদক দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ।
৮ আগস্ট এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক তুলে দেন নির্বাচিতদের হাতে।
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গোমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরনোত্তর) এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’ দেওয়া হয়েছে।
এ অনুষ্ঠান আয়োজন করা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান উপলক্ষ্যে।
এ সময় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক বঙ্গমাতার জীবনভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।
বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে প্রতি বছর আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ ৫ জনকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ জাতীয় পদক দেওয়া হয়।