মা-বাবা চান সন্তানকে সব সময় বুকে আগলে রাখতে । কিন্তু আদরের সন্তানকে কোল থেকে নামিয়ে একটা সময় বড় পৃথিবীটায় ছেড়ে দিতে হয়। যাতে করে সে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, সবার সাথে মিশতে পারে। চিন্তার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সেটা কতটা সম্ভব? কতটা নিরাপদ? দিনের বেশিরভাগ‌ই তাদের স্কুলে কেটে যায় । তাই সোনামণিটা সেখানে কী করছে, কার সাথে মিশছে সেটা জানা খুবই জরুরি হয়ে পড়ে। কারণ এটাই তার ভিত্তি গড়ার সময় । কিন্তু তার কাছ থেকে সহজে বের করা যাবে কী সে কথা?

একদমই না! খুবই কঠিন সে কাজ। সে এত সহজে মুখ খুলবে না। ভেতরে ভয় কাজ করাটা তার জন্য স্বাভাবিক।

তাহলে উপায় কী!?

উপায় একটা আছে বটে। সেই উপায়ই জানিয়েছেন ব্রিটেনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. ওয়েন্ডি মোগাল ।

তিনি জানান, “সন্তান স্কুলে কী করছে তা মা-বাবাকে জানতে হলে সবার আগে সন্তানকে জানাতে হবে তাদের মনের কথা। অর্থাৎ তার মনে সন্তানকে নিয়ে কী চলছে তা জানাতে হবে। এই যেমন, স্কুল থেকে আসার সময় সন্তানের হাতটি ধরতে হবে নিজের হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি ব্যাগে রেখে। তারপর খুব আদর করে বলতে হবে, জানো আজ না তোমাকে স্কুল থেকে নিতে আসার সময় ….. ( সন্তানের প্রিয় কোনো জিনিস বা খাবার ) দেখে, তোমার কথা খুব মনে হয়েছে!”

‘যখন সন্তান বুঝতে পারবে, সে কাছে না থাকার পরও তার কথা আপনার মনে পড়ছে। অথবা তার প্রিয় কিছু নিয়ে আপনি ভাবছেন, সে খুব খুশি হবে। দেখবেন মনের কথাগুলো সে অকপটে আপনাকে বলে দিবে।’

‘বলতে পারেন এটি একটি আশ্চর্য ম্যাজিক ট্রিক ! এ কৌশলটি খুবই ভালো কাজ করে । তবে ব্যতিক্রমও থাকতে পারে কেউ কেউ ।’

আপনারা হয়ত ভাবতে পারেন, সন্তানের সাথে চালাকি করা হচ্ছে। সত্যি বলতে আসলে ব্যাপারটি তা নয়। আপনার সন্তানের মনের কথাগুলো জানতে হলে তার সাথে তার মতো করে মিশতে হবে। সে যা পছন্দ করে, কথা বলে তার আগ্রহ বাড়াতে হবে সেই বিষয়ে । যাতে করে খুব সহজেই সে আপনার সাথে সহজে মিশতে পারে।

কৌশলটি কিন্তু খুব কার্যকরী এবং মজার। চাইলে কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। বলা যায় কাজ হওয়ার সম্ভাবনাই বেশি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *