ব্রয়লার মুরগির মাংস নিরাপদ খাদ্য এবং এতে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।চলতি বছরের ১২ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রয়লার মুরগির মাংসে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান রয়েছে কি না, তা জানতে পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আব্দুর রাজ্জাক বলেন, ব্রয়লার মুরগির মাংসে সর্বোচ্চ সহনশীল মাত্রার চেয়ে অনেক কম অ্যান্টিবায়োটিক এবং ভারী ধাতুর অবশিষ্টাংশ রয়েছে। তাই ব্রয়লার মাংস খাওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।
তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে সস্তা ও সহজলভ্য আমিষের উৎস ব্রয়লার মুরগি। এই মাংসে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা শরীর গঠন, মেধা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কৃষিমন্ত্রী বলেন, পত্রপত্রিকা ও সামাজিক গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের কারণে জনগণের মধ্যে অনেক সময় ব্রয়লার মাংস সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়ে। মানুষ ব্রয়লার মাংস খাওয়া কমিয়ে দেয়। এতে ব্রয়লার শিল্পে বড় ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে।এ ছাড়া মুরগির খাবারে বর্জ্য ব্যবহার করা হয় বলে যা ধারণা রয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব নাহিদ রশীদ ও কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।