দেশে সবুজ শিল্পায়নের লক্ষ্যে বিসিক ২০৪১ সাল নাগাদ মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সবুজ শিল্পায়নের পাশাপাশি দেশব্যাপী শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটবে। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ শিল্প স্থাপনে উৎসাহিত হবেন।
বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি মোরশেদ আলম প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলবেন কী, দেশে সবুজ শিল্পায়ন ও পণ্যের মান রক্ষার লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের সরকার কোনো তাগিদ দেবে কিনা; এবং আগামী প্রজন্ম ও জাতির স্বার্থে দেশে দেশে সবুজ শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের কৌশলগত উদ্দেশ্য ৩ দশমিক ২৩ মোতাবেক পরিবেশবান্ধব শিল্প উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষা করা একটি অন্যতম অঙ্গীকার। নির্বাচনি ইশতেহারের কৌশলগত উদ্দেশ্য মোতাবেক শিল্প মন্ত্রণালয় পরিবেশবান্ধব শিল্প উৎপাদন প্রক্রিয়া ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করছে। শিল্প মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থা টেকসই পরিবেশবান্ধব ও জ্ঞানভিত্তিক শিল্পায়নের মাধ্যমে এসডিজি-২০৩০ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।