প্রায় চার দশক ধরে মঞ্চনাটককে নগর থেকে গ্রামে ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। আজ ‘সুফিয়াফুল মঞ্চ’ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শতমঞ্চ প্রকল্পের যাত্রা শুরু হচ্ছে। শহর থেকে দূরে, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বৃক্ষ ও জলবেষ্টিত নিভৃত পল্লি গোলাইডাঙ্গায় নতুন এই নাট্যমঞ্চের দ্বার খুলছে। বেলা সাড়ে তিনটায় তাসলিমা জালাল মঞ্চবাড়িতে প্রতিষ্ঠিত সুফিয়াফুল মঞ্চের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী, সংসদ সদস্য মমতাজ বেগম।

সাভারের বুনন থিয়েটারের সভাপতি সুফিয়াফুলের নামে মঞ্চের নামকরণ করা হয়েছে। তাঁর বাসা থেকেই থিয়েটারটির কার্যক্রম পরিচালনা করা হতো। দেশজুড়ে আরও সাতটি নাট্যমঞ্চ নির্মাণাধীন বলে জানিয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। শতমঞ্চ প্রকল্পের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ঐতিহ্যবাহী বাংলা নাটকের প্রসার ও প্রচারে এ মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি অসাম্প্রদায়িক ও সমতার বাংলাদেশ গড়ে তুলতে একটি মানবিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালনাই আমাদের লক্ষ্য।