চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে ‘টর্চ বিয়ারার’ শান্তি পুরস্কারে ভূষিত করেছে আন্তর্জাতিক সংগঠন পিস রান। সংগঠনের একটি প্রতিনিধিদল গেলো সোমবার টাইগারপাসে চসিক অস্থায়ী নগর ভবন সম্মেলন কক্ষে এ পুরস্কার নগর পিতার কাছে হস্তান্তর করে।
প্রতিনিধি দলের সাথে আলাপকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ  মধ্যপ্রাচ্যে প্রতিদিন যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। তা বন্ধ করতে প্রয়োজন শান্তির বাণীর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধবিগ্রহ থামিয়ে শান্তির বিশ্ব নির্মাণে প্রয়োজন পারস্পরিক যোগাযোগ ও উদারতা।
তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের চিম্ময় কুমার ঘোষ প্রতিষ্ঠিত চিম্ময় সেন্টার ঢাকার উদ্যোগে পিস রান বা শান্তির দৌড়ের এ আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানান। মেয়র শান্তি প্রতিষ্ঠায় যারা ভূমিকা রাখবে তাদের প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান চিম্ময় স্টোরের পরিচালক ড. মহাতপা পালিত, ঢাকা বাংলাদেশের পরিচালক শান্তি শ্রী ম্যাকগ্রাথ ও অরবিন্দ মাতৃ মন্দিরের সভাপতি বিজয় শংকর চৌধুরী, চসিক ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ। পরে  মেয়র শান্তির মশাল জালিয়ে পিস রান বা শান্তির দৌড়ের উদ্বোধন  করেন।