বিপিএলে প্রথম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, পরে ফরচুন বরিশাল। আজ আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স- টানা তিন ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে পাত্তা পেলো না কেউ। টানা তিন জয়ে মাশরাফির সিলেট অন্য দলগুলোর চেয়ে খানিকটা বেশিই এগিয়ে গেলো! সোমবার কুমিল্লার দেওয়া ১৫০ রানের জবাবে খেলতে নেমে তৌহিদ হৃদয়ের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছেছে সিলেট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৯ রানে থামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। জবাবে তরুণ ব্যাটারদের হাত ধরে ১৪ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান মোহাম্মদ হারিস ৬ রানে। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মিলে ৪৩ রানের জুটি গড়েন। শান্ত ২১ বলে ১৯ রান করে আউট হলে ক্রিজে নামেন জাকির হাসান। তার ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংস অনেকটুকু পথ এগিয়ে যেতে অবদানও রাখে।