টেবিল টেনিসের রানী জোবেরা রহমান লিনুর হাত থেকে যখন সোনালি ট্রফিটা নিচ্ছিলেন, দিয়া সিদ্দিকীর বিশ্বাসই হচ্ছিল না! মাত্র চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এর মধ্যে করোনায় খেলতে পারেননি দুই বছর। এই অল্প সময়ের ক্যারিয়ারে বাংলাদেশের আর্চারিতে কী দারুণভাবেই না আলো ছড়িয়েছেন দিয়া।

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিষেকেই দিয়া বাজিমাত করেন। টঙ্গীতে ২০১৯ সালে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভের মেয়েদের এককে সেবার জেতেন সোনা। ২০২১ সালে দিয়ার সৌজন্যে ঘটেছে সেই কীর্তি। ২০২১ টোকিও অলিম্পিকে বাংলাদেশ আর্চারি দল বাছাইপর্ব পেরিয়ে খেলেছে রিকার্ভ মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে। এই ইভেন্টে রোমান সানার সঙ্গী ছিলেন দিয়া। বাছাই পেরিয়ে মেয়েদের এককের প্রথম রাউন্ডেও খেলেন তিনি। অলিম্পিকের আগে ২০২১ সালের জুনে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে রুপা জেতে বাংলাদেশ। বৈশ্বিক টুর্নামেন্টে কালেভদ্রে ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য এই অর্জন ছিল দিয়ার সৌজন্যেই। এরপর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই দলেও ছিলেন দিয়া। এত সব কীর্তি আর অর্জনের স্বীকৃতি পেয়ে দিয়া গতকাল জিতলেন ২০২১ সালের তীর-প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার।