ইতিবাচক সম্পর্ক বজায় রাখায় বাংলাদেশ, ভারত ও চীনসহ প্রতিবেশী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর চাপসহ নানান প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ায় এসব দেশকে ধন্যবাদ জানান তিনি। গেলো ৪ জানুয়ারি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তবে ভাষণে রোহিঙ্গা সংকট নিরসনে কিছুই বলেননি সেনাপ্রধান। জান্তা প্রধান বলেছেন, আমি কিছু দেশ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই। নানান সমালোচনা, চাপ, হামলার মধ্যেও এসব দেশ ও সংগঠন আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিচ্ছে। এ ছাড়া সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।