গত ৩০ ডিসেম্বর হাওড়া ও শিলিগুড়ির মধ্যে দ্রুতগামী ‘বন্দে ভারত’ ট্রেন চালু হয়েছিল। কিন্তু চালুর এক সপ্তাহের মধ্যে দুবার পাথরের আঘাতে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার অভিযোগ, পশ্চিমবঙ্গে ষড়যন্ত্র করে ট্রেনটির ক্ষতি করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে ট্রেনের ওপর কোনো পাথর ছোড়া হয়নি। পাথর ছোড়া হয়েছে বিহারে।

‘বন্দে ভারত’ ট্রেন চালুর পর চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ফলে সুসজ্জিত ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রেনের কাচ ভেঙে যায়। এরপরই ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা বলেন, পশ্চিমবঙ্গে ষড়যন্ত্র করে ট্রেনটির ক্ষতি করা হচ্ছে।গেলো বৃহস্পতিবার এ অভিযোগ খারিজ করে দেয় ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চল। তারা বলেছে, ট্রেনটিতে পাথর ছোড়া হয়েছে বিহারে, পশ্চিমবঙ্গে নয়। এরপরই বিষয়টি নিয়ে আজ কড়া মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলা এবং বাঙালির বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিহারের মানুষ হয়তো রেগে আছেন। কারণ, বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের রাজ্যে দেওয়া হয়নি। তবে অল্প কিছু মানুষ ক্ষুব্ধ হলে সে জন্য গোটা বিহার রাজ্যের মানুষকে দায়ী করা উচিত নয়।