ইরানে তিন মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে সমর্থন দেওয়ায় গ্রেপ্তার ৩৮ বছর বয়সী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকেমুক্তি দিয়েছে ইরান। কারাগার থেকে মুক্তির পর ওই অভিনেত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন তাঁর বন্ধুরা। তারানেহ আলিদুস্তি ২০১৬ সালে অস্কার পাওয়া চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ভুয়া ও বিকৃত আধেয় (কনটেন্ট) প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগে তারানেহকে গ্রেপ্তার করা হয়েছিল। তারানেহ সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বশেষ পোস্ট দিয়েছেন গত ৮ ডিসেম্বরে। একই দিন ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে মোহসেন শেকারি নামের ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করে।