ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে নাম লেখা ‘জাহিদুল ইসলাম’। তবে তিনি নিজের পরিচয় দিলেন ‘অংকিতা ইসলাম’ নামে। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগে এক্সিকিউটিভ এমবিএ করার সুযোগ পেয়েছেন তিনি। অংকিতা বলেন, ‘ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার ভিত্তিতে ঢাবিতে এক্সিকিউটিভ এমবিএ করার সুযোগ পেয়েছি। ইতিমধ্যে ভর্তিও হয়েছি।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অংকিতাকে ফরম পূরণ করতে হয়েছিল। অংকিতা জানান, ফরমে জেন্ডারের জায়গায় ‘নারী’, ‘পুরুষ’ ও ‘অন্যান্য’ বিকল্প ছিল। তিনি ‘অন্যান্য’ বিকল্পটি বেছে নেন। গত ২ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় অংশ নেন অংকিতা। লিখিত পরীক্ষায় টিকে অংশ নেন মৌখিক পরীক্ষায়। মৌখিক পরীক্ষায়ও তিনি সফল হন। অংকিতা বলেন, মৌখিক পরীক্ষার বোর্ডের সবাই তাঁর ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন।