জনকল্যাণ নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।২০২৩ সালের ২ জানুয়ারি সোমবার জাতীয় সমাজসেবা দিবস ২০২৩’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, সম্ভাব্য বিশ্বমন্দার চ্যালেঞ্জ মোকাবিলাসহ সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত করে দুঃস্থ ও অসহায় মানুষের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকরণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করেন।আবদুল হামিদ বলেন, ১৯৭৪ সালে সুদমুক্ত ঋণ কার্যক্রম প্রচলন করে বঙ্গবন্ধু দেশে ও সমসাময়িক বিশ্বে অনন্য নজির স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবন্ধী, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষাসহ নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। রাষ্ট্রপ্রধান আরও বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন সংকটের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সমধর্মী অন্যান্য কর্মসূচিসমূহ বাস্তবায়নে আরও বেশি আন্তরিক ও সতর্ক হওয়া প্রয়োজন।এ সময় ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন আবদুল হামিদ।