আন্তর্জাতিক এক দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়াই অংশ নিয়েছেন ইরানের এক নারী দাবাড়ু। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর যে কয়েকজন নারী ক্রীড়াব্যক্তিত্ব হিজাব ছাড়াই প্রতিযোগিতায় অংশ নেন, তাঁদের সর্বশেষ জন হলেন এই দাবাড়ু। পোশাকবিধি না মানার অভিযোগে কুর্দি তরুণী মাসা আমিনিকে আটক করে ইরানের নীতি পুলিশ। হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মধ্য সেপ্টেম্বর থেকে দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানের কঠোর পোশাকবিধিতে নারীদের মাথা ঢেকে চলা বাধ্যতামূলক। দেশটির সংবাদমাধ্যম খবরভারজেশি ও এতেমাদ গত সোমবার জানায়, কাজাখস্তানের আলমাতায় এফআইডিই ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ চেস চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়াই অংশ নেন সারা খাদেম। খবরভারজেশি অবশ্য সারার হিজাব পরা ছবিও প্রকাশ করেছে।সারা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সারাসাদাত খাদেমালশারেইহ নামেও পরিচিত। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্ব র্যাঙ্কিংয়ে সারার অবস্থান ৮০৪তম। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে তাঁকে একজন প্রতিযোগী হিসেবে এই ওয়েবসাইটে তালিকাভুক্ত দেখানো হয়েছে।