মাত্র পাঁচ দিন আগে বাংলাদেশের দাবায় বড় অঘটনের জন্ম দিয়েছিল ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা (নীড়)। ১৩ বছর বয়সী মনন সেদিন হারিয়ে দেয় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে। ঢাকায় চলমান বঙ্গবন্ধু ৪৭তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রাজীবকে হারিয়ে সবাইকে চমকে দেয় মনন।

আজ ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকেও হারিয়েছে নারায়ণগঞ্জের ফিলোসোফিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এই ছাত্র। মনন সাদা ঘুঁটি নিয়ে খেলে ৫৩ চালের মাথায় হারিয়ে দেয় রিফাতকে। এবারের জাতীয় দাবায় ১২ ম্যাচে এটা মননের পঞ্চম জয়। ৩ ম্যাচে করেছে ড্র। বাকি ৪টিতে হার। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

জাতীয় দাবায় মনন দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দেওয়ায় উচ্ছ্বসিত মৌমন, ‘এবারের জাতীয় দাবায় শুরু থেকেই নীড় (মনন) ভালো খেলছে। প্রথম রাউন্ডে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সুব্রতকে হারিয়েছে। ফাহাদের (আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান) সঙ্গে ড্র করেছে। ওর এমন পারফরম্যান্সে আমি কত খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান যুব দাবায় অনূর্ধ্ব-১২ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড বিভাগে মনন জিতেছিল রুপা। মননের বর্তমান রেটিং ২২১৫। ফিদে মাস্টার খেতাব পেতে নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার বিকল্প নেই মননের।