জাতীয় দলে অভিষেক হয়ে যাওয়া তিনজনকে রেখে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে আছেন দিশা বিশ্বাস। এবারই প্রথমবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মেয়েদের বিশ্বকাপ হতে যাচ্ছে।
আগামী ১৩ জানুয়ারি থেকে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশের ১৫ জনের দলে আছেন লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটকিপার-ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। তিনজনেরই সর্বশেষ নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে। জাতীয় দলের সঙ্গে থাকলেও অবশ্য ম্যাচ খেলেননি পেস বোলিং অলরাউন্ডার অধিনায়ক দিশা।
বিসিবির নির্বাচক মঞ্জুরুল ইসলাম এ দল নিয়ে বেশ আশাবাদীই। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি।’