জনসাধারণের জন্য উন্মুক্ত হলো দেশের প্রথম মেট্রোরেল। দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা। চলতি বছরের ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রথমদিনের মতো মেট্রোরেলের বাণিজ্যিকযাত্রা শুরু হয়। মেট্রোরেলে ভ্রমণের জন্য বুধবার রাত থেকে স্টেশনে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথম দিনেই মেট্রোরেলে ভ্রমণ করে উচ্ছ্বসিত তারা। খুব অল্প সময়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও আসতে পেরে যাত্রীদের বাঁধভাঙা উল্লাস দেখা গেছে। যাত্রীরা বলছেন, মেট্রোরেলে চড়ার পর তাদের কাছে মনে হচ্ছে তারা ঢাকায় নয়, উন্নত বিশ্বের কোনো দেশে চলে এসেছেন। উন্নত প্রযুক্তির মেট্রোরেল চালুর জন্য অনেকেই বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।সেলিম আহমেদ নামে এক যাত্রী বলেন, দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হলো প্রথমদিনেই আমি মেট্রোরেল চড়লাম। খুব ভালো লাগছে। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আওয়ামী লীগ সরকার আসলেই একটি চমৎকার কাজ করেছে। খুব অল্প সময়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও চলে আসলাম।