দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস আর ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। সকাল ১০টার পর সূর্য উঁকি দিলেও রোদের উত্তাপ ছড়াতে না পারায় অনুভূত হচ্ছে কনকনে শীত। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই এলাকায় মৃদৃ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস বলে বলছেন আবহাওয়াবিদরা।

গেল মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের ঘন কুয়াশায় জেলার সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে যানবাহন চালাতে হয় হেডলাইট জ্বালিয়ে। পঞ্চগড় জেলা শহরের রিকশাচালক জমির বলেন, সকালে এত কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। ঠান্ডায় অবস্থা খারাপ। যেগুলো গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসে, সেগুলো সহজেই দেখা যায়। ঠান্ডার সকালে শহরে লোকজন কম, জরুরি দরকার ছাড়া কেউ বের হতে চান না। এ জন্য সকাল সকাল যাত্রীও কম পান।