তীব্র যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাকা ঘুরছে স্বপ্নের মেট্রোরেলের। আর এই স্বপ্নযাত্রার প্রথম চালনা করলেন মরিয়ম আফিজা। চলতি বছরের ২৯ ডিসেম্বর বুধবার দিনটি অবশ্যই আফিজার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, দেশ মেট্রোযুগে প্রবেশের মাহেন্দ্রক্ষণে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার পরিচালনায় ট্রেনের প্রথম যাত্রী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপেক্ষার প্রহর ঘুচিয়ে আজ উদ্বোধন হলো দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেল প্রকল্পের। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ যাত্রায় ছয় নারীকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ২ নভেম্বর ট্রেন অপারেটর পদে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। এই পদে মোট ২৫ জনের মাঝে যে দুজন নারী নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মরিয়ম একজন।