আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ঢাকার বাইরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।এদিকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার পর রাজধানীতে হালকা বৃষ্টি হয়। কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশে কিছুটা শীত অনুভূত হয়। এ সময় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।আবহাওয়া অধিদফতর জানায়, দুপুরের পর মেঘলাভাব কেটে যাবে। তবে বিকেলের পর ঢাকা ও রংপুর ছাড়া অন্য বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাগরে নিম্নচাপের আশঙ্কা নেই বলে জানায় অধিদফতর। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।