উৎসবমুখর পরিবেশে চলছে রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ।আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তীব্র কুয়াশা ও শীত উপেক্ষা করে দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা।লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হোসনে আরা ডালিয়া ভোট দিয়েছেন। নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।
এবারের রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি। এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। মেয়র পদে ৯ জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।মেয়র প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।রংপুরে ৩৩টি ওয়ার্ডে ২২৯টি কেন্দ্রে মোট দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।