যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছে ভারতীয় সেনাবাহিনী। দিনটি উপলক্ষে ছিল নানা অনুষ্ঠানের আয়োজন।শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের কাছে অবস্থিত বিজয় স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ভারতের তিন বাহিনীর পক্ষ থেকে।বিজয় দিবসের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে কলকাতায় যান বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর কর্মকর্তা মিলিয়ে ৬০ জনের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের বীরপ্রতীক ও ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা।
এ ছাড়াও ফোর্ট উইলিয়ামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাহবুবুর রশিদ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (আইপিএস), ভারতের সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) অরূপ রাহা, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির প্রমুখ।সবশেষে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.পি কলিতা।