সাইকেলে করেও যে পৃথিবীর চারপাশে ঘুরে আসা যায়, তা আবার প্রমাণ করলেন এক ব্রিটিশ দম্পতি। ট্যানডেম সাইকেলে তাঁরা জার্মানির বার্লিন থেকে যাত্রা শুরু করেন। ১৮০ দিনে পৃথিবীর চারপাশ ঘুরে তাঁরা আবার বার্লিনে আসেন। এতে তাঁদের সময় লেগেছে ১৮০ দিন। এ কাজ করতে তাঁদের ২১টি দেশের ওপর দিয়ে যেতে হয়েছে। এবার এ ভ্রমণকে রেকর্ডের তালিকায় তুলতে তাঁরা আবেদন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে।

ওই দম্পতির নাম লরা মাসে ও স্টিভ মাসে। গত ৫ জুন তাঁরা যাত্রা শুরু করেন। এরপর সাইকেলে করে পাড়ি দিয়েছেন ২৮ হাজার ৯৬৮ কিলোমিটার। পথে তাঁদের পাড়ি দিতে হয়েছে নানা বাধাবিপত্তি। ঝড়, বৃষ্টি, তুষারপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় তো ছিলই। শেষে সব প্রতিকূলতা পেরিয়ে ১ ডিসেম্বর আবার বার্লিনে ফিরে আসেন তাঁরা।লরা-স্টিভের পরিচয় ২০১৫ সালে। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। একাধিকবার তাঁরা ট্যানডেম সাইকেলে করে ভ্রমণে বেরিয়েছেন। বিশেষ এই সাইকেলে দুটি করে চালকের আসন ও পেডেল থাকে। এই সাইকেল চালাতে হয় দুজনকেই।