ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণের ব্যবস্থার কথা বলেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা। এই সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে শুধু মেরে না ফেলে এডিসকে ‘ভালো’ মশায় রূপান্তরিত করার চেষ্টার কথা বলছেন গবেষকেরা। এর মধ্যে অন্তত দুটি পদ্ধতি নিয়ে দেশে গবেষণা হয়েছে, ফলও ভালো। এর একটি হলো উলবাকিয়া, অন্যটি এসআইটি পদ্ধতি।
মশা নিয়ন্ত্রণে এই ইতিবাচক প্রচেষ্টার মধ্যে আজ ২০ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস।
এডিস মশা নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংস করাকেই যথার্থ মানছে ঢাকার দুই সিটি করপোরেশন। সেভাবে অন্য সিটিগুলোও কাজ করছে। তবে মশা মারতে সমন্বিত উদ্যোগের একটি কাজ হলো, মশাকে ‘ভালো’ করে ফেলা।
পরিবেশের ভারসাম্য রক্ষায় মশার প্রয়োজনীয়তার কথা বলেন প্রাণিবিদেরা। মশা বাস্তুতন্ত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মশার শূককীট মাছের খাদ্য হিসেবে এবং প্রাপ্তবয়স্ক মশা পাখি, বাদুড়, গিরগিটি ও ব্যাঙের খাদ্য হিসেবে কাজ করে। আবার কিছু প্রজাতির মশা গুরুত্বপূর্ণ পরাগায়নকারী।