লুসি লেটবি, পেশায় নার্স (সেবিকা)। হাসপাতালে অসুস্থ শিশুদের সেবা করা, সুস্থ করে তোলা তাঁর কাজ। কিন্তু লুসি করেছেন উল্টোটা। খুন করেছেন শিশুদের। তাও একটি কিংবা দুটি নয়, একে একে সাত শিশুকে খুন করেছেন লুসি। আরও ছয় শিশুকে খুনের চেষ্টা করেছেন তিনি।
গতকাল শুক্রবার যুক্তরাজ্যের আদালতে এসব অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন লুসি। দেশটির ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা বিচারের ঘটনাগুলোর একটি এটা।
লুসির বাড়ি পশ্চিম ইংল্যান্ডের হেয়ারফোর্ডে। ইউনিভার্সিটি অব চেস্টার থেকে নার্সিংয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১১ সালে স্নাতক শেষ করেন। এরপর কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কাজে যোগ দেন। ২০১৫ সালে তিনি শিশুদের নিবিড় পরিচর্যা ইউনিটে কাজের যোগ্যতা অর্জন করেন।
বিচারকালে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লুসি বলেছেন, ‘আমি বরাবরই শিশুদের নিয়ে কাজ করতে চাইতাম।’ ব্যক্তিজীবনে তিনি খুবই সক্রিয় একজন মানুষ। নিয়মিত নাচের ক্লাসে ও ব্যায়ামাগারে যান। ভ্রমণ করতে পছন্দ করেন।