জাপানের সঙ্গে বাংলাদেশের হয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবে, অথবা হবে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ। উভয় দেশই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এফটিএ বা ইপিএ করার লক্ষ্যে ইতিমধ্যে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে।

ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।টিপু মুনশি বলেন, বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও উন্নয়ন সহযোগী জাপান। ৫০ বছর ধরে দেশটি বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে। জাপান এখন বাংলাদেশের বড় রপ্তানি বাজারও। উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দিন দিন বাড়ছে।বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ রয়েছে, এই মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, অতি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগকারীরা ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে।