প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার দেখা করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বেলা ১১টায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে প্রথম আলোকে জানান জি এম কাদের।
জাতীয় পার্টির সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকালে রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন।জি এম কাদের , ম্যাডাম (রওশন এরশাদ) অসুস্থতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন। আজ মাননীয়া প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওশন এরশাদের শারীরিক খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।