মরক্কোর একটি হাসপাতালে গত বছর একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছিলেন মালির এক নারী। তিনি গতমঙ্গলবার সন্তানদের নিয়ে নিজ দেশে ফিরেছেন। মালির স্বাস্থ্যমন্ত্রী দিয়েমিনাতৌ সাঙ্গারে এ তথ্য জানিয়ে বলেছেন, সন্তানেরা ও মা ভালো আছেন, সুস্থ আছেন। তাঁরা নিরাপদে মালিতে এসে পৌঁছেছেন। তাঁদের দেখে তিনি আনন্দিত।
সাঙ্গারে তাঁর ফেসবুক পেজে এই দম্পতি ও তাঁদের ৯ সন্তানের ছবি পোস্ট দিয়েছেন। তিনি তাঁদের মালির রাজধানী বামাকোতে স্বাগত জানিয়েছেন।একসঙ্গে ৯ সন্তান জন্ম দেওয়া মালির নারীর নাম হালিমা চিসে। তিনি ২০২১ সালের মে মাসে মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯টি সন্তান জন্ম দেন। ৯ সন্তানের মধ্যে ৫টি মেয়ে, ৪টি ছেলে।হালিমা গর্ভধারণের পর মালিতে তাঁর আলট্রাসনোগ্রাম করা হয়েছিল। কিন্তু প্রাথমিক পরীক্ষায় তাঁর গর্ভে সাতটি সন্তান থাকার প্রতিবেদন এসেছিল।উন্নত চিকিৎসাসেবা ও নিরাপদ প্রসবের জন্য একপর্যায়ে হালিমাকে মরক্কোয় পাঠানো হয়। সেখানে তিনি ৯টি সন্তান জন্ম দেন।