যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টার ইয়েসিনিয়া লাতোরের কাছে সন্তানের জন্ম দেওয়াটা এতটাই আনন্দের যে মা হওয়াটা তাঁর নেশায় পরিণত হয়েছে। এ জন্য তিনি তাঁর গর্ভ ভাড়া দেন।

ইয়েসিনিয়া নামের ২৬ বছর বয়সী এই তরুণী ইতিমধ্যে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। এদের মধ্যে দুটি সন্তান তাঁর নিজের। অপর সন্তানটি তিনি অন্য দম্পতির হয়ে গর্ভ ভাড়া দিয়ে সারোগেট পদ্ধতিতে জন্ম দিয়েছেন। আর এজন্য গর্ভ ভাড়া দেওয়া বাবদ তিনি প্রায় ৪৩ লাখ ৯৩ হাজার ৯০৪ টাকা (৪০ হাজার মার্কিন ডলার) ফি নেন।

ইয়েসিনিয়া জানান যাঁরা স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না, এমন নারীদেরই কেবল গর্ভ ভাড়া দিয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইয়েসিনিয়া জানান, ‘আমি শিগগির আবার সারোগেট মা হওয়ার পরিকল্পনা করেছি। আর এজন্য আমার আর তর সইছে না।’

ইয়েসিনিয়া লাতোরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেও বেশ জনপ্রিয়। টিকটকে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৭০০। ইয়েসিনিয়া তাঁর টিকটক প্রোফাইলে তাঁর এই মা হওয়ার অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেছেন। এ কারণে যারা সারোগেটের মাধ্যমে সম্ভাব্য মা-বাবা হতে চান তাদের মধ্যে যাঁরা অনলাইনে আছেন, তাঁদের কাছেও তিনি বেশ পরিচিত।

ইয়েসিনিয়ার সঙ্গে শতাধিক দম্পতি যোগাযোগ করেছেন কীভাবে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার স্বপ্ন পূরণ করা যায় তা সম্পর্কে জানতে। ইয়েসিনিয়া গর্ভ ভাড়া দেওয়া বাবদ ৪০ হাজার ডলার নেওয়া প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সময়ে মানুষ বুঝতে পেরেছে, সারোগেসি মানে শুধু অর্থ উপার্জন নয়, পারিবারিক জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটা অমূল্য বিষয়। আর আমি এটাই করছি । আর এক্ষেত্রে অর্থ একটি বোনাসমাত্র। আমার কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যা করছি, এজন্য গর্বিত।