আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক শুরু হয়েছে। ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হয় আজ সকাল ১০টায়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ চারজন ডেপুটি গভর্নর। ডেপুটি গভর্নররা হলেন আহমেদ জামাল, কাজী সায়েদুর রহমান, এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাসের। গেলো শনিবার দুপুরে ঢাকায় আসেন অ্যান্তইনেত মনসিও সায়েহ। পাঁচ দিনের ঢাকা সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। মেট্রোরেল ও পদ্মা সেতু পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর। গেলো বছরের জুলাইয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণ চায় বাংলাদেশ। এরপর কয়েক দফা আলোচনা শেষে আইএমএফ জানায়, সাড়ে ৩ বছর ধরে ৭ কিস্তিতে ৪৫০ কোটি ডলার দেবে তারা। আইএমএফের ওয়েবসাইটে মনসিও সায়েহের আনুষ্ঠানিক ঢাকা সফর সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতি সহনশীল রাখতে বাংলাদেশকে সহায়তা করা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জনে সহযোগিতা করবে আইএমএফ।