আগামী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ২০২৪ সালে, ফ্রান্সের প্যারিসে। ওই আসরের নারী ফুটবলের এশিয়া জোনের বাছাইয়ে (৩-১৩ এপ্রিল) এই প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। তাদের বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে ইরান, মিয়ানমার এবং মালদ্বীপ।

অলিম্পিকে সাতটি গ্রুপে খেলবে ২৬ দেশ। প্রতি গ্রুপ চ্যাম্পিযন পরের রাউন্ডে অংশ নেবে। পাঁচ গ্রুপে চারটি করে ও দুই গ্রুপে তিনটি করে দল রয়েছে। সাত গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে পরবর্তী বাছাইয়ে যুক্ত হবে শীর্ষ পাঁচ বাছাই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া ও জাপান। চূড়ান্ত পর্বে ১২ দল নিয়ে তিন গ্রুপে হবে খেলা। অলিম্পিক বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছে : ইরান বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম মিয়ানমার এবং বাংলাদেশ বনাম মালদ্বীপ।