বিএনপি ও সমমনা দলগুলোর জোট যতই বড় হোক না কেন শেখ হাসিনা সরকারকে হঠানোর শক্তি তাদের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। গেলো শুক্রবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন।২০২৪ সালের ৭ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। চার বছরে বিএনপির কোনো খোঁজখবর নেই। নির্বাচন এলেই তারা মাঠে নামে। মিথ্যা কথা ছাড়া তাদের কোনো কথা নেই। আলোচনা সভা শেষে ভরসা হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান শেখ মো. সাহেব আলীর বাড়িতে তাঁর উদ্যোগে উপজেলার পাঁচ হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমুখ।