কয়েক দিনের তীব্র শীতে সারাদেশেই শীতজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশুরা সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালাতে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে শয্যা সংকট থাকলেও সেবায় কোনো ঘাটতি নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তীব্র শীতে বেশির ভাগ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। ফলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৪৭ হাজার ৯৮২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন মৃত্যুবরণ করেছে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮১৮ জন। মারা গেছেন তিনজন।