চলতি বছরের প্রথম মাসেই আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে।

২০২৩ সালের ৩ জানুয়ারি মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত চলতি মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত ১৫ ডিসেম্বর থেকে এভাবে ধাপে ধাপে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে সোমবার থেকে তাপমাত্রা বাড়ছে। দিনে রোদ থাকায় রাজধানীতেও শীতের অনুভূতি কিছুটা কম ছিল।আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে কোনো শৈত্যপ্রবাহেই তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। ঢাকায় এবারও শৈত্যপ্রবাহের তেমন প্রভাব দেখা যাবে না।