সেই ২০২০ সালের শুরুতে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর প্রায় তিন বছর যাবত ১৫টি ম্যাচ খেলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার এই ওপেনার মেলবোর্নে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমেই করে বসলেন ডাবল সেঞ্চুরি। এমন অতিমানবীয় ইনিংস খেলার সঙ্গে বিরল এক কীর্তিতেও নিজের নাম লিখে ফেললেন ওয়ার্নার।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটার। ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন ওয়ার্নার। শততম টেস্টে অন্তত সেঞ্চুরি করা বিশ্বের ১০ম ব্যাটার হলেন বাঁহাতি এই ওপেনার।চলতি বছরের মঙ্গলবার ২৭ ডিসেম্বর এমসিজিতে প্রোটিয়া বোলারদের বিপক্ষে আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাট চালিয়ে ১৪৪ বল খেলে শতক স্পর্শ করেন ওয়ার্নার। এর পরের সেঞ্চুরি করতে খেলেন মাত্র ১১০ বল। ২৫৪ বলের ইনিংসে ১৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ডাবল সেঞ্চুরি করেই রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার।