জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১১ ধাপ এবং ই-পার্টিসিপেশন সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ইনডেক্স প্রকাশিত হয়। ইজিডিআই-২০২৪’এর তথ্যানুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ১০০ তম। এর আগে ২০২০ ও ২০২২ সালের প্রতিবেদনে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১১৯ ও ১১১ তম। এদিকে আবার ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশ বর্তমানে ৭০তম অবস্থানে রয়েছে। এর আগে ২০২২ সালের অবস্থান ছিল ৭৫ তম।
উল্লেখ্য, ২০০৩ সালের পর এবার সর্বোচ্চ ইজিডিআই ভ্যালু (০.৬৫৭০) অর্জন করেছে। আশার কথা, এ বছর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
এবার ইজিডিআই-২০২৪ এ শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, এস্তোনিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে ৯৭ তম স্থানে আর মিয়ানমারের অবস্থান ১৩৮। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৯৪, শ্রীলংকা ৯৮, ভুটান ১০৩ ও নেপাল ১১৯ তম স্থানে রয়েছে। ইজিডিআই-২০২৪ আরও তথ্য মতে, বাংলাদেশ অনলাইন সেবা সূচকে গতবারের ০.৬৫২১ স্কোর থেকে এবার বেড়ে ০.৭৩৭৪ স্কোর অর্জন করেছে। টেলিকমিউনিকেশন অবকাঠামে সূচকে আগের ০.৪৪৬৯০ স্কোর থেকে এবারের স্কোর বেড়ে দাঁড়িয়েছে ০.৬৫০১।
প্রসঙ্গত, সকল সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইজিডিআই তৈরি করা হয়। ইনডেক্স তৈরিতে দেশগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করা হয়।