রোববার বিকেলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ৫৯ বছরে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের তালিকায় হাছান মাহমুদের শীর্ষ অবস্থানে আসা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার দায়িত্ব একই আছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন, তা পালনের চেষ্টা করেছি। আমি ১০ বছর পরিবেশ সম্পাদক, ৭ বছর প্রচার সম্পাদক, গত ৩ বছর ধরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি।’তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তিনি যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, আমি জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য সে দায়িত্ব পালন করব। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা যেমন দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও ভবিষ্যতের সব চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব।