ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি – সিইপিএ করতে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ আলোচনা শুরু করতে আগ্রহের কথা জানিয়ে দিয়েছে দিল্লিকে।

গেল বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা জানায় বাংলাদেশ। এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য বিস্তারিত আলোচনা করেছে। তারা সম্মত হয়েছে যে, সেপা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, জীবনযাত্রার মান বাড়াবে এবং ভারত ও বাংলাদেশে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সুযোগ করে দেবে। এর বাইরেও অংশীদারিত্ব নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক মূল্য চেইন (আরবিসিএস) প্রতিষ্ঠা করবে। বৈঠক চলাকালীন উত্থাপিত সমস্যাগুলো সমাধান করতে এবং ২০২২ সালের সেপ্টেম্বরে দুই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর যৌথ বিবৃতিতে প্রত্যাশিত ফলাফলগুলো অর্জন নিশ্চিত করার জন্য দুই মন্ত্রী একত্রে কাজ করতেও সম্মত হন।