ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ৪৬ বছর বয়সী নারী সুভদ্রা। তিনি শুধু এই একটি নামই ব্যবহার করেন। গত আগস্টে তাঁর স্বামী মারা যান। এরপর তিন সন্তানকে নিয়ে অতিকষ্টে তাঁর দিন কাটছিল।ছোট ছেলেটির অসুস্থতার কারণে তিনি কোনো চাকরি করতে পারছিলেন না।এদিকে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার অবস্থাও আর সুভদ্রার নেই। নিরুপায় হয়ে বাবা হারানো সন্তানদের জন্য খাবার কিনতে ছেলের শিক্ষিকার কাছে ৫০০ রুপি সাহায্য চেয়েছিলেন।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নারীর দুর্দশা দেখে ওই শিক্ষিকা সামাজিক যোগাযোগমাধ্যমে তহবিল সংগ্রহে নামেন। গত সোমবার নাগাদ পরিবারটি ৫৫ লাখ রুপি সহায়তা পেয়েছে।