বোরোর উৎপাদন বাড়াতে প্রায় ১৭০ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার। সারাদেশের ২৭ লাখ কৃষক এ প্রণোদনার আওতায় আসছেন। তারা বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ পাচ্ছেন।চলতি বছরচ২০ ডিসেম্বর মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে তিনটি ধাপে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। হাইব্রিড ধানের উৎপাদন বাড়ানোর জন্য প্রায় ১৫ লাখ কৃষককে বিনামূল্যে ২ কেজি করে ধানবীজ দেওয়া হচ্ছে। এ অর্থ দেওয়া হচ্ছে ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায়। আর উচ্চফলনশীল জাতের উৎপাদন বাড়ানোর জন্য প্রায় ৭৩ কোটি টাকার প্রণোদনার আওতায় উপকারভোগী রয়েছে ১২ লাখ কৃষক। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমতলে কৃষিযন্ত্র ব্যবহারের সুবিধার্থে একটি মাঠে একই সময়ে ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। এর আওতায় ৬১টি জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী স্থাপিত হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে, খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম চলমান আছে। এরই মধ্যে গড়ে প্রায় ৫০ শতাংশ প্রণোদনা বিতরণ সম্পন্ন হয়েছে।