গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, পুলিশ দিয়ে নির্যাতন করে, বাধা দিয়ে তাঁদের আন্দোলন বন্ধ করা যাবে না।

আজ মঙ্গলবার সকালে বিএনপিসহ বিরোধী দলের তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ।  

সকালে রাজধানীর বিজয়নগর থেকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চের নেতারা সচিবালয়, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। এখানে সমাবেশ শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলেও তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

জেএসডির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘বিএনপিসহ ৩৬টি দলের ডাকে সারা দেশে অবরোধ কর্মসূচি চলছে। আজ আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। কিন্তু নির্যাতন–নিপীড়ন করে জনতার গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না। জনগণ গণতান্ত্রিক রূপান্তরের ভেতর দিয়ে নতুন রাষ্ট্রব্যবস্থা চায়। এক দফার চলমান আন্দোলন সফল করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা ইমরান ইমাম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ বলেন, অবরোধের প্রতিটি দিন তাঁরা রাজপথে থাকবেন। সারা দেশের মানুষ পথে নেমেছেন। জনতার জয় হবেই।

সকালের বিক্ষোভ মিছিল ও সমাবেশের পরে আজ বেলা দুইটার দিকেও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বিজয়নগর, পল্টন, সচিবালয় এলাকায় অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করা হয়।