চট্টগ্রামের আনোয়ারার কেইপিজেড মাঠের আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধান অতিথি দলের সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি জনসভায় যোগ দেন।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি কর্ণফুলীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের ফলক উন্মোচন করে এটির উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের দৃশ্যটি জনসভাস্থলে বসানো বিভিন্ন ডিজিটাল স্ক্রিনে প্রদর্শন করা হয়। সভামঞ্চ থেকে এ সময় উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। বক্তব্য তখন বন্ধ ছিল। মাইকে বাজছিল দেশাত্মবোধক গানের সুর
টানেল উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের পতেঙ্গা প্রান্তরে উপস্থিত হন। ফলক উন্মোচনের পর গাড়িযোগে তিনি টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছান। সেখানে দুপুর ১২টায় টানেলের টোল প্লাজা উদ্বোধন করেন।
এরপর জনসভার কাজ পুনরায় শুরু হয়। জনসভার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার ঘোষণা দেওয়া হয় মঞ্চ থেকে। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি মঞ্চে আসনে বসেন। সেখানে তিনি টানেলের উদ্বোধনের ঘোষণা করেন
এর আগে সকাল ৯টায় জনসভার কার্যক্রম শুরু হয়। স্থানীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। সভা পরিচালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
জনসভাস্থলে সকাল সাড়ে ৭টা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমাগম বাড়তে থাকে। তবে প্রচণ্ড রোদ ও গরমের কারণে অনেকে মাঠের পাশের রাস্তায় গাছের ছায়ায় আশ্রয় নেন। প্রধানমন্ত্রী সভামঞ্চে আসন গ্রহণের পর রাস্তায় থাকা লোকজন মাঠে চলে আসেন।
